ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাতিজির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাজ্যের বীরভূম জেলার নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে বীরভূম জেলার কুসুম্বা গ্রামে নিজ বাড়ির প্রথম তলা থেকে মমতা বন্দোপাধ্যায়ের ভাতিজি বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বৃষ্টি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ ছিল। পাশাপাশি সম্প্রতি তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদনও করেছিলেন তিনি।
পরিবারের সদস্যরা বলেছেন, গত কয়েক বছর ধরে তিনি গভীর মানসিক অবসাদে ভুগছিলেন এবং এর চিকিৎসাও চলছিল।
রামপুরহাট থানা পুলিশ তার আত্মহত্যার পেছনের প্রকৃত কারণ কী, তা জানতে তদন্ত শুরু করেছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআইকে কলকাতা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‘‘ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ ও পরিস্থিতি নিশ্চিত হওয়া যাবে।’’
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।
এসএস
