বিজ্ঞাপন

মানুষের সময় নষ্ট ও ব্যক্তিগত সম্পদ ক্ষতি থেকে রক্ষা পাবে

ইসলামিক আইনে স্থান নেই— আফগানিস্তানে নিষিদ্ধ করা হলো বিক্ষোভ

ইসলামিক আইনে স্থান নেই— আফগানিস্তানে নিষিদ্ধ করা হলো বিক্ষোভ

আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করে আইন পাস করা হয়েছে। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, বিক্ষোভ হলো গণতন্ত্র ও প্রজাতন্ত্র রাষ্ট্রের জন্য প্রযোজ্য। ইসলামিক আইনে এর কোনো স্থান নেই।

২০২১ সালে বিদেশি সেনাদের হটিয়ে আবারও আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান যোদ্ধারা। এরপর তারা আফগানিস্তানকে ইসলামিক দেশ হিসেবে ঘোষণা দেয়। এরপর গত পাঁচ বছর খুব বেশি একটা বিক্ষোভ দেখা যায়নি। এরমধ্যেই গত মাসে দেশটিতে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়।

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের সেই উদ্বেগ এবং নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেছেন জাবিহুল্লাহ মুজাহিদ। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) তিনি নিষেধাজ্ঞার পক্ষে সাফাই গেয়ে বলেছেন, “যেখানে ভিন্ন ভিন্ন আইন রয়েছে সেখানে বিক্ষোভের স্থান রয়েছে। যার উদাহরণ হলো গণতন্ত্র বা প্রজাতন্ত্র। কিন্তু ইসলামিক ব্যবস্থায়, বিক্ষোভের বদলে সাধারণ মানুষ শাসকের কাছে গিয়ে তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলতে পারেন।”

তিনি আরও বলেছেন, এ নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের সময় নষ্ট হবে না এবং ব্যক্তিগত সম্পদ ক্ষতির হাত থেকে রক্ষা করা যাবে।

মানবাধিকার সংস্থাগুলো গত মাসে উদ্বেগ প্রকাশ করে বলে, তালেবান সরকার তার বিরোধীদের দমিয়ে রাখতে চায়। এ নিষেধাজ্ঞা তারই একটি অংশ।

গত জুনে নারীদের অধিকার বিষয়ক একটি বিক্ষোভে গুলি ছুড়লে দুজন নিহত হয়। দেশটিতে এরপর আর বড় ধরনের কোনো বিক্ষোভ দেখা যায়নি।

সূত্র: এএফপি

এমটিআই

বিজ্ঞাপন