বিজ্ঞাপন

এরদোয়ানকে অপমান করায় তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

এরদোয়ানকে অপমান করায় তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে অবমাননা করার অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলুর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এরদোয়ানকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করায় তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শুরু হয়েছে বলে দেশটির প্রসিকিউটররা জানিয়েছেন। বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এরদোয়ানের সাবেক এই রাজনৈতিক সহযোগী পরবর্তীতে তার প্রতিদ্বন্দ্বীতে পরিণত হন এবং নিজের আলাদা দল গঠন করেন। রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে ওঠা সাবেক সহযোগীদের দমনে তুরস্কের সরকারের সাম্প্রতিক পদক্ষেপের অংশ হিসেবেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে প্রসিকিউটররা বলেছেন, ৬৭ বছর বয়সী দাভুতোগলু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য করেছিলেন; যা প্রেসিডেন্টের জন্য অপমানজনক হিসেবে বিবেচনা করা হয়েছে। তুরস্কের আইনে এটি দণ্ডনীয় অপরাধ। এরপরই সাবেক প্রধানমন্ত্রী আহমেতের বিরুদ্ধে এই তদন্ত প্রক্রিয়া চালু করা হয়েছে।

এরদোয়ান সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর ২০১৯ সালে দাভুতোগলু ‌ফিউচার পার্টি নামের নতুন রাজনৈতিক দল গঠন করেন। তবে দলটি রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে ব্যর্থ হয় এবং ২০২৪ সালের স্থানীয় নির্বাচনে অত্যন্ত হতাশাজনক ফল করে।

পরবর্তীতে গত আগস্ট মাসে এক জরুরি কংগ্রেসে তিনি দলটি বিলুপ্ত ঘোষণা করেন।

পেশাগত জীবনে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত দাভুতোগলু ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি কর্তৃপক্ষ এরদোয়ান, তার সরকার কিংবা সরকারের নীতি ও আদর্শের সমালোচনাকারীদের ওপর দমনপীড়ন আরও জোরদার করেছে।

দেশটির প্রেসিডেন্টকে অবমাননার অভিযোগে সংগীতশিল্পী ও শিল্পী থেকে শুরু করে সাংবাদিক ও রাজনীতিবিদদের মতো নানা পেশার হাজার হাজার মানুষ বর্তমানে তুরস্কে আইনি তদন্ত ও মামলার মুখোমুখি হচ্ছেন।

সূত্র: এএফপি।

এসএস