যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুইদিন আগে আবারও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় কুয়েত-বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দবি করেছেন অন্যান্যদের ওপর পাল্টা হামলা চালালেও ‘ভয়ে’ ইরান তাদের ওপর কোনো হামলা চালাচ্ছে না।
যুদ্ধাপরাধে অভিযুক্ত এ দখলদার বলেছেন, “ইরান আমাদের ওপর হামলা করছে না, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। তারা আমাদের বাদে সবার ওপর হামলা চালাচ্ছে। তারা আমাদের শক্তি জানে, আমাদের হামলার তীব্রতা জানে এবং আমাদের দৃঢ় সংকল্পের কথা জানে।”
অপরদিকে ইরানের বর্তমান সরকারের পতন ঘটানো ইসরায়েলের মূল লক্ষ্য উল্লেখ করে নেতানিয়াহু দাবি করেছেন— তারা তাদের লক্ষ্য পূরণের কাছেই আছেন।
গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ)-এর সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নেতানিয়াহু বলেন, “ইরানের সরকারের অবস্থা নড়বড়ে। এটি আগের যে কোনো সময়ের চেয়ে দুর্বল। এখন নিজেদের টিকিয়ে রাখার জন্য লড়াই করছে তারা।”
নেতানিয়াহু আরও বলেন, “আমার বিশ্বাস আমরা বিষয়টি একবারে সম্পূর্ণভাবে শেষ করতে পারব— আরেক কথায় বলা যায়, ইরানের সরকারের পতন ঘটানো। এটি আমাদের মূল লক্ষ্য যা আমাদের সামনে রয়েছে। কিন্তু এটি খুবই কাছাকাছি অবস্থায় আছে। ইরানের সরকারের পতন ঘটানো অসম্ভব নয়। এটি বাস্তবে রূপ দেওয়া সম্ভব।”
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই
