নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ৯দিন পর একটি জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাদের বাইরে নিয়ে আসা হয়।
এরমধ্যে একজন হলেন সঞ্জয় শাহ। তিনি জানিয়েছেন, ত্রিশূলি ৩এ নামে জলবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে কাজ করেন তিনি। আর তার কাজ হলো অন্যদের নিরাপত্তা নিশ্চিত করা। যখন বন্যার পানি আসা শুরু করে তখন তিনি অন্যদের নিরাপদে বের হয়ে যাওয়ার জন্য বলতে থাকেন। কিন্তু পানি এত দ্রুত সময়ে আসে যে, পরে নিজে আর বের হতে পারেননি।
তিনি বলেছেন, “আমি কন্ট্রোল রুমে কাজ করছিলাম। আমার দায়িত্ব ছিল সবার জীবন রক্ষা করা। আমি সবাইকে বের হয়ে যাওয়ার জন্য বলছিলাম। কিন্তু যখন অন্যরা বের হয়ে যায়, আমার জন্য তা অনেক দেরি হয়ে যায়। আমি সবাইকে দৌড়াতে বলে শেষে আমি আর বের হতে পারিনি।”
সঞ্জয় জানিয়েছেন, ভেতরে আটকে পড়ার পর থেকেই উদ্ধার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। আর পাঠ করছিলেন হিন্দু ধর্মশাস্ত্রের মন্ত্র।
ওই টানেলের ভেতর আরও কতজন আটকে আছেন এমন প্রশ্নে সঞ্জয় জানিয়েছেন, তিনি নিজে তিন থেকে চারজনের সঙ্গে বিভিন্নভাবে কথা বা যোগাযোগ করেছেন। যারা তার কাছাকাছি ছিলেন।
তবে বিদ্যুৎকেন্দ্রের পাওয়ারহাউজের কাছে আরও অনেকে আটকা আছেন বলেও জানান তিনি।
সঞ্জয় বলেছেন, তার ধারণা বন্যার পানিতে ভেসে অনেকেই টানেলটির অনেক ভেতরে চলে গেছেন। তারা হয়ত সেখানেই জীবিত অথবা মৃত অবস্থায় পড়ে আছে।
টানেলটি অনেক বড় হওয়ায় আটকে পড়াদের নির্দিষ্ট সংখ্যা বলতে পারেননি জীবিত উদ্ধার হওয়া এ ব্যক্তি।
গত ২৬ আগস্ট ভয়াবহ ওই আকস্মিক বন্যায় নেপালে প্রায় ১ হাজার ৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন। এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা তার।
সূত্র: কাঠমান্ডু পোস্ট
এমটিআই
