ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাতোরে নামে একটি এলাকায এক মানসিক ভারসাম্যহীন নারীকে যৌন হেনস্তা করেছে ১৬ বছর বয়সী এক বালক। এ সময় একটি কুকুর তাকে তাড়া করে। ভয়াবহ এ ঘটনা সেখানে থাকা একটি সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে।
এতে দেখা যাচ্ছে, রাতের বেলা খালি রাস্তায় দাঁড়িয়ে আছেন এক নারী। এ সময় ওই বালক এসে তাকে ঝাপটে ধরে। তিনি তাকে ছাড়াতে ধস্তাধস্তি করার এক পর্যায়ে একটি কুকুর ওই বালককে ধাওয়া দেয়। এরপর সে দৌড়ে পালিয়ে যায়।
সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে শনিবার (৫ সেপ্টেম্বর) জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, ওই বালক মদ্যপ ছিল এবং ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে সে। তাকে শনাক্ত করে ইতিমধ্যে গ্রেপ্তার করে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, কুকুরটি ওই বালকের পা কামড়ে ধরে আছে এবং অব্যাহতভাবে ঘেউ ঘেউ করছিল। কিন্তু রাতের বেলা হওয়ায় তখন রাস্তাটিতে কেউ ছিল না।
ওই বালক ৩০ বছর বয়সী ওই নারীকে ধর্ষণ চেষ্টার আগে একটি দোকানে আগুনও লাগিয়ে দিয়ে আসে।
এক পুলিশ কর্মকর্তা বলেছেন, রাত ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ওই নারী তার এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। অল্প মানসিক সমস্যা থাকায় একাই তিনি বাড়ি থেকে রাতের বেলা বের হন।
সূত্র: এনডিটিভি
এমটিআই
