ফিলিস্তিনের পশ্চিমতীরে গড়ে তোলা দখলদার ইসরায়েলিদের অবৈধ বসতির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইডি মিলিব্যান্ড ঘোষণা দিয়েছেন, অবৈধ বসতিতে যেসব পণ্য ইসরায়েল তৈরি করে সেগুলোর কোনো কিছু তারা আমদানি করবেন না।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে মিলিব্যান্ড জানান, পশ্চিমতীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী (সেটেলার) সন্ত্রাসীরা জাতিগত নির্মূলের মতো অপরাধ করছে।
তিনি বলেন, ইসরায়েলি সরকার সেটেলার সন্ত্রাসীদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড উপেক্ষা করে যাচ্ছে।
ব্রিটিশ মন্ত্রী দখলদার ইসরায়েলের পশ্চিমতীরের দখলদারিত্বকে অবৈধ হিসেবেও ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, ফিলিস্তিনের যেসব ভূখণ্ডে ইসরায়েলিরা বসতি স্থাপন করেছে সেখান থেকে কোনো পণ্য আর যুক্তরাজ্যে প্রবেশ করবে না। আর তাদের এই নিষেধাজ্ঞায় কানাডা ও ফ্রান্সও যুক্ত হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, “আমি মনে করি না আমাদের দেশের জনগণ দখলকৃত স্থান থেকে আসা পণ্য গ্রহণ করে ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করবে।”
এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে ইসরায়েলি সেটেলারদের কোনো বিজ্ঞাপনও প্রদর্শন যুক্তরাজ্যে করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
অপরদিকে একইদিন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান আল-কার্দ আল-হাসানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
লেবাননের কেন্দ্রীয় ব্যাংক এই আর্থিক সংস্থার সঙ্গে অন্যান্য ব্যাংক ও সংস্থাকে কোনো লেনদেন না করতে নির্দেশনা দেয়। আল-কার্দ আল-হাসান নিজেদের দাতব্য সংস্থা হিসেবে পরিচয় দেয়। তারা মূলত সাধারণ মানুষকে সুদবিহীন লোন দিয়ে থাকে।
সূত্র: বিবিসি, আলজাজিরা
এমটিআই
