বিজ্ঞাপন

তাইজ থেকে অগ্রসর হচ্ছে হুথি বিদ্রোহীরা, থামাতে সৌদির বিমান হামলা

তাইজ থেকে অগ্রসর হচ্ছে হুথি বিদ্রোহীরা, থামাতে সৌদির বিমান হামলা

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা নিজেদের নিয়ন্ত্রণ নিতে সেদিকে এগোচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা তাইজ জেলার পশ্চিম দিক থেকে সেদিকে যাচ্ছে। তবে হুথিরা যেন অগ্রসর না হতে পারে সেজন্য মোখার আগের জেলা আল-ওয়াজিয়াহতে বোমাবর্ষণ করেছে সৌদি আরব।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

তারা বলেছে, গত কয়েক ঘন্টায় সৌদির যুদ্ধবিমান আল-ওয়াজিয়াহতে ব্যাপক বোমাবর্ষণ করেছে। যা নির্দেশ করছে হুথি যোদ্ধারা পশ্চিম তাইজ থেকে মোখার দিকে এগিয়ে যাচ্ছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার যে কোনো মূল্যে হুথিদের এ অগ্রসর থামানোর চেষ্টা করছে।

হুথিদের লক্ষ্য হলো বন্দরনগরী মোখা দখল করে সেখানে নিজেদের কর্তৃত্ব স্থাপন ও লোহিত সাগরের বাব এল মান্দেব সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। এতে করে তারা সৌদি আরবের জাহাজগুলোর ওপর নৌ-অবরোধ সম্পূর্ণভাবে কার্যকর করতে পারবে।

আলজাজিরা জানিয়েছে, হুথিদের নিয়ন্ত্রণে ইয়েমেনের যেসব অঞ্চল আছে সেখানে সৌদি আরব নৌ-অবরোধ আরোপ করে রেখেছে। এখন হুথিরা এই অবরোধের বদলে পাল্টা অবরোধ আরোপ করতে চায়। যেন সৌদির কোনো জাহাজ বাব এল মান্দেব প্রণালি দিয়ে লোহিত সাগরে প্রবেশ ও বের হতে না পারে।

এরসঙ্গে হুথিরা সৌদি আরবেও সরাসরি হামলা চালিয়েছে। বিশেষ করে দেশটির রাষ্ট্রয়াত্ত্ব তেল প্রতিষ্ঠান আরামকোর অবকাঠামোকে টার্গেট করেছে তারা। এতে সৌদিত ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ বলে জানিয়েছে রিয়াদ।

সূত্র: আলজাজিরা

এমটিআই