বিজ্ঞাপন

হামলার পর সৌদির পররাষ্ট্রমন্ত্রীর হুমকি

‘হুথিদের এমন পরিণতি ভোগ করতে হবে যা তারা হ্যান্ডেল করতে পারবে না’

‘হুথিদের এমন পরিণতি ভোগ করতে হবে যা তারা হ্যান্ডেল করতে পারবে না’

সৌদি আরবের বিভিন্ন জায়গায় গতকাল হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে সৌদিতে ৭০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া দেশটির রাষ্ট্রয়াত্ত্ব তেল কোম্পানি আরামকোর কয়েকটি অবকাঠামোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ হামলার জেরে হুথিদের হুমকি দিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সতর্কবার্তায় তিনি বলেছেন, হুথিদের এমন পরিণতি ভোগ করতে হবে যা তারা হ্যান্ডেল করতে পারবে না।

তিনি বলেন, নিজেদের ও ইয়েমেনের স্বার্থ রক্ষায় সৌদির কাছে যে সামরিক শক্তি আছে তার সবই ব্যবহার করা হবে।

প্রিন্স ফারহান বলেন, “ইয়েমেন ও এ অঞ্চলের স্বার্থ রক্ষায় যা করার তার করতে আমরা কোনো দ্বিধা করব না। আমাদের কাছে যে সামরিক শক্তি আছে তা দিয়ে আমাদের স্বার্থ রক্ষা করা হবে।”

তিনি আরও বলেন, “হুথিরা যে পথ অনুসরণ করছে এর পরিণতি যা হবে তা তারা হ্যান্ডেল করতে পারবে না। হুথিরা তাদের অভ্যন্তরীণ সমস্যা ইয়েমেন ও সৌদির ওপর চাপাতে চাচ্ছে।”

সৌদির পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, হুথিরা যখনই কোনো সমস্যায় পড়ে তখন তারা সহিংসতাকে বেঁছে নেয়। তিনি বলেন, “তারা রাজনৈতিক ব্যবস্থা এবং দায়িত্ববান হওয়ার বদলে ইয়েমেনের সাধারণ মানুষের ওপর আরও দুর্ভোগ চাপিয়ে দিচ্ছে।”

তবে হুমকির পাশাপাশি তিনি বলেছেন, হুথিদের সামনে এখনো কূটনৈতিক পথ খোলা আছে। তিনি জোর দিয়ে বলেন, এখনো চাইলে হুথিরা রাজনৈতিকভাবে এ সমস্যার সমাধান করতে পারবে।

তিনি আরও বলেন, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথিদের সঙ্গে আলোচনার সুযোগ দিয়েছিল। কিন্তু তারা নিজেদের সংকীর্ণ স্বার্থকে ইয়েমন ও এর জনগণের স্বার্থের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছে।

সূত্র: আল-আরাবিয়া

এমটিআই