বিজ্ঞাপন

বিমান হামলায় অস্ত্র ও গোলাবারুদ ক্ষতিগ্রস্ত

স্থলে কোনো বাধা ছাড়াই আরও দক্ষিণে অগ্রসর হচ্ছে হুথিরা

স্থলে কোনো বাধা ছাড়াই আরও দক্ষিণে অগ্রসর হচ্ছে হুথিরা

লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখা গতকাল শুক্রবার দখল করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ সময় সৌদি সমর্থিত সরকারি বাহিনী পালিয়ে যায়। তবে এখন হুথিদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে।

সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছে, বিমান হামলায় হুথিদের সাঁজোয়া যান এবং গোলাবারুদের কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব বিমান হামলায় ইয়েমেনি সরকারি বাহিনী সফল হচ্ছে। তবে স্থলে হুথিদের একক আধিপত্য দেখা যাচ্ছে। তারা কোনা বাধা ছাড়াই দেশটির দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে।

আলজাজিরা বলেছে, তাইজে হুথিদের অস্ত্রবাহী ট্রাক, ড্রোন এবং ও মিসাইলবাহী যানে বিমান হামলা চালিয়ে সফল হয়েছে ইয়েমেনি বাহিনী।

তারা হুথিদের একটি বহরে হামলা চালিয়েছে, যেটি অন্যান্য জায়গায় থাকা যোদ্ধাদের রশদ দিতে যাচ্ছিল।

অপরদিকে মোখা দখল করার পর সেখানে হুথিরা যেসব অস্ত্র ও গোলাবারুদ পেয়েছে সেগুলো তারা নিজেদের নিয়ন্ত্রিত অন্যান্য এলাকায় নিয়ে যাচ্ছে। এটি তাদের একটি নতুন কৌশল। এরমাধ্যমে তারা ইয়েমেনি বাহিনীর বিমান হামলা ও অন্যান্য হামলা এড়ানোর চেষ্টা করছে।

এছাড়া মোখায় সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী পূর্ণমাত্রার বিমান হামলা চালাবে—  এমন বিষয় মাথায় রেখে নিজেদের প্রস্তুত করছে হুথিরা। তারা বুঝতে পারছে মোখা বন্দর, বিমানঘাঁটি এবং অন্যান্য কমান্ড সেন্টার, যেগুলো তাদের নিয়ন্ত্রণে এসেছে সেগুলোতেও হামলা হতে পারে।

কিন্তু স্থলে তাদের প্রতিরোধ করার কেউ নেই। এরফলে কোনো বাধা ছাড়াই হুথি যোদ্ধারা দেশটির আরও দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে।

সূত্র: আলজাজিরা

এমটিআই