বিজ্ঞাপন

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় বিএনপি-জামায়াতের ৪ জনের কারাদণ্ড

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় বিএনপি-জামায়াতের ৪ জনের কারাদণ্ড

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানসহ বিএনপি ও জামায়াতের ৪ জনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) আব্দুল আজিজ, মোশারফ হোসেন স্বপন ও হেলাল উদ্দিন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও এক মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে ভাটারা থানাধীন ফাঁসেরটেক ২১ নম্বর বাড়ির সামনে বেআইনি সমাবেশ করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এ ঘটনায় ভাটারা থানার উপ-পরিদর্শক নাজমুল হুদা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে একই থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে আদালত ৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

এনআর/এসকেডি

বিজ্ঞাপন