বিজ্ঞাপন

৫৫ কেজি সোনা চুরি: ৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

৫৫ কেজি সোনা চুরি: ৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামের লকার থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় দায়ের করা মামলায় ৭ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ জানুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের পরিদর্শক রাশেদুল ইসলাম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আক্তারুজ্জামানের আদালত।

বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক মোজাফফর হোসেন।

এখন পর্যন্ত মামলাটিতে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম সাহেদ, আকরাম শেখ, মাসুম রানা, সিপাহি মোজাম্মেল হক, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম ও আফজাল হোসেন।

গত ৩ সেপ্টেম্বর রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় সোনা চুরির ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালে উদ্ধার হওয়া ৪৮টি ডিএম বার যার ওজন ৮.০২ কেজি ও ২০২০ থেকে ২০২৩ সালে বিভিন্ন সময়ে জব্দ করা ৩৮৯টি ডিএম বার যার মোট ওজন ৪৭.৪৯ কেজি সোনা আলমারির লকার ভেঙে চুরি হয়েছে। গত ২ সেপ্টেম্বর রাত ১২টা ১৫ মিনিট থেকে পর দিন সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কে বা কারা বর্ণিত সোনার বার ও স্বর্ণালংকার গোডাউন থেকে স্টিলের আলমারির লকার ভেঙে চুরি করেছে। যার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকার বেশি। 

সাধারণত বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে জব্দ করা সোনার বার ও অলংকারসহ মূল্যবান জিনিস এই গুদামে রাখা হয়। গুদামে রক্ষিত সোনার হিসাব মেলাতে গিয়েই ঘটনাটি প্রকাশ্যে আসে।

এনআর/কেএ

বিজ্ঞাপন