জাতীয় সংসদ নির্বাচনে সরকারের সুবিধাভোগী সোয়া ৩ কোটি ভোটারকে উপস্থিত করে তাদের বাধ্যতামূলক ভোটদানের নির্দেশনা চেয়ে রিটের শুনানি আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ।
আরও পড়ুন
এর আগে জাতীয় সংসদ নির্বাচনে সরকারের সুবিধাভোগী সোয়া ৩ কোটি ভোটারের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে সরকারের সুবিধাভোগী নাগরিকদের সংসদ নির্বাচনে ভোটদান বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।
মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
আইনজীবী ড. বশির আহমেদ ঢাকা পোস্টকে বলেন, কমনওয়েলথভুক্ত অনেক দেশে নির্বাচনে ভোটারদের ভোটদানে বাধ্য করার বিধান রয়েছে। আমেরিকার দুটি অঙ্গরাজ্যে ভোট দেওয়ার বাধ্যতামূলক বিধান চালু রয়েছে। বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ। এই দেশেও সরকারের সুবিধাভোগী নাগরিকদের ভোটদান বাধ্যতামূলক করা প্রয়োজন। এ কারণে রিট দায়ের করেছি।
তিনি জানান, সরকারের সরাসরি সুবিধাভোগী ২ কোটি ৭৫ লাখ ভোটার রয়েছে। এছাড়া আধা সরকারি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী মিলে মোট সোয়া ৩ কোটি ভোটার রয়েছে। রিটে ভোটকেন্দ্রে এসব ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়েছি।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমএইচডি/জেডএস
