বিজ্ঞাপন

শেখ হাসিনার মতোই শাকিল-ফারজানা রুপা বিদেশে পালিয়ে যেতে চেয়েছিলেন

শেখ হাসিনার মতোই শাকিল-ফারজানা রুপা বিদেশে পালিয়ে যেতে চেয়েছিলেন

শেখ হাসিনার মতোই সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

বৃহস্পতিবার এ সাংবাদিক দম্পতির চারদিনের রিমান্ড মঞ্জুরের পর সাংবাদিকদের এ কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক।

শেখ হাসিনার মতোই ফারজানা-শাকিল পালিয়ে যেতে চেয়েছিলেন

তিনি বলেন, এই দুই সাংবাদিক নানাভাবে উসকানি দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিন একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রুপার গ্রেপ্তারের খবরে হাজারো উৎসুক জনতার ভিড় ছিল আদালত প্রাঙ্গণে।

বিকেল ৩টা নাগাদ তাদেরকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয়। এরপরই তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেন আইনজীবী ও জনতা। এ সময় ‘ফারজানা-শাকিলের দুই গালে, জুতা মারো তালে তালে,’ ‘দালালদের দুই গালে, জুতা মারো তালে তালে’ বলে স্লোগান দিতে থাকেন তারা।

চার দিনের রিমান্ডে সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপা

রিমান্ড আবেদনে পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফজলুল করিম আন্দোলনে যোগ দেন। সেদিন আন্দোলনরত অবস্থায় সকাল ৮টায় উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে জসিম উদ্দিন মোড়ের ডাচ বাংলা এটিএম বুথের সামনে শটগান, পিস্তল, রিভলবারসহ অন্যান্য অস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর অতর্কিতভাবে গুলি চালানো হয়। সেখানে ফজুললসহ অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হন।

মামলার তদন্তে পুলিশ জানতে পারে— ফারজানা রুপা ও শাকিল আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হাতে দমন করার জন্য সরকারকে উসকানি দেন। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে মামলার মূল রহস্য উদঘাটন করা যাবে।

এর আগে বুধবার (২১ আগস্ট) সকালে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে। এরপর রাজধানীর উত্তরার এই হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

ওএফএ/এমজে