টেলিটক বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যন্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার (সাবেক ডেপুটি ম্যানেজার) এম এম আসাদুল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
আজ (মঙ্গলবার) দুদকের আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা সংস্থাটির উপপরিচালক আখতারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, এম এম আসাদুল্লাহর বিরুদ্ধে বিদেশে টাকা পাচার ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান/যাচাই চলমান আছে। এম এম আসাদুল্লাহ ইতোমধ্যে অননুমোদিত উপায়ে একাধিক দেশ ভ্রমণ করেছেন যার দরুন বিভাগীয় ব্যবস্থা হিসেবে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন বলে জানা যায়। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে অনুসন্ধানকালে গোপনসূত্রে প্রাপ্ত তথ্যমতে জানা যায়। যার ফলে দুর্নীতি দমন কমিশনের চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যহত হতে পারে।
এনআর/এনএফ
