এমপিপুত্র রাজিবসহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন ১৬ ফেব্রুয়ারি

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বিজ্ঞাপন
বুধবার (২৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর সদস্য হলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। তিনি এ মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই সপ্তাহ সময়ের আবেদন করেন। পরে আগামী ১৬ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য ছিল। গত ২৮ ডিসেম্বর এ দিন ঠিক করেন ট্রাইব্যুনাল-২। তবে প্রতিবেদন জমা না দেওয়ায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও সময় বাড়ানো হয়।
বিজ্ঞাপন
এদিকে, আজ সকালে কারাগার থেকে এ মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন- ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদের ছেলে তানজির আহমেদ রাজিব, গৌরীপুর থানার তৎকালীন এসআই শফিকুল আলম, এএসআই দেলোয়ার হোসাইন, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাবুল আলম, জোসেফ উদ্দিন জজ ও আতাউর রহমান ফকির ওরফে ফারুক আহাম্মদ।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট গৌরীপুর থানার সামনে পুলিশসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। এতে বিপ্লব হাসান, মো. নূরে আলম সিদ্দিকী ও মো. জুবায়ের শহীদ হন। আহত হন বহু ছাত্র-জনতা। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়।
এমআরআর/জেডএস