বিজ্ঞাপন

মগবাজার বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

মগবাজার বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে ৭ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করে আগামী ১০ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

রমনা থানার দায়ের করা মামলার এজহার মঙ্গলবার (২৯ জুন) দুপুরে আদালতে পৌঁছালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তা গ্রহণ করেন। এরপর তদন্ত করে আগামী ১০ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। 

Dhaka Post

এর আগে মঙ্গলবার (২৯ জুন) ভোরে রমনা থানায় পুলিশ বাদী হয়ে অনির্দিষ্ট সংখ্যক অজ্ঞাতনামাকে আসামি করে মামলাটি দায়ের করেন। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফৌজদারি দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় মামলা হয়েছে। পুলিশ বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখছে।

দণ্ডবিধি ৩০৪ (ক) ধারায় কোনো ব্যক্তির বেপরোয়া কার্য বা অবহেলার জন্য অন্যের প্রাণহানির জন্য শাস্তি দেওয়া হয়ে থাকে। এই ধারার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ৫ বছরের জেল, অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে। 

Dhaka Post

গত ২৭ জুন সন্ধ্যা ৭টার দিকে রমনা মডেল থানা এলাকার বড় মগবাজারের রেখা নীড় ভবনের কোনো অংশে বিস্ফোরণের বিকট শব্দে ভবনের সামনের ও পেছনের অংশ ধসে পড়ে এবং মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। মগবাজারে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি করেছে পুলিশ সদর দফতর। কমিটির প্রধান করা হয়েছে পুলিশের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ইউনিট কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান আসাদুজ্জামানকে। এছাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে প্রধান করে ৫ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

টিএইচ/এইচকে