ইডিসিএলের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাষ্ট্র মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আ. সামাদ মৃধার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক নুরুল ইসলাম অভিযোগ সংশ্লিষ্ট সামাদ মৃধার দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।
আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ২ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান দলের নেতৃত্বে অনুসন্ধান চলমান রয়েছে।
অনুসন্ধানকালে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট মো. আ. সামাদ মৃধা ইডিসিএল-এর বিভিন্ন ক্রয়ে কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য করে অর্থ আত্মসাৎ করে বিদেশ পাচার করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট সামাদ মৃধা কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য করে অর্থ আত্মসাৎ করে বিদেশ পাচার করে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সেজন্য তার বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক।
এনআর/জেডএস