শেরপুর-২ আসনে নির্বাচন করতে পারবেন বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী।
বিএনপির এই প্রার্থীর বিরুদ্ধে নাগরিকত্ব ইস্যুতে একই আসনের জামায়াতের প্রার্থীর করা লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আদেশ দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ।
এই আদেশের ফলে বিএনপির মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচন করতে বাধা রইলো না বলে জানিয়েছেন তার পক্ষের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তবে লিভ টু আপিলের পক্ষের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বলেন, বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করলেও অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ইস্যুতে আমাদের করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনের নির্বাচনের ফল স্থগিত থাকবে।
আদালতে ফাহিম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানু করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।
এমএইচডি/জেডএস