গাজীপুরের সাবেক মেয়র কিরণ ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব ফ্রিজ

দুর্নীতির অভিযোগ থাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকের ৪১টি হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক আলমগীর হোসেন এসব ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসাদুর রহমান (কিরণ) ও তার পরিবারের সদস্যদের নামে ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। এসব হিসাবে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। প্রাথমিকভাবে প্রতীয়মান হয়, অভিযোগ সংশ্লিষ্টরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ হিসাবগুলোতে জমা রেখেছেন। যেকোনো সময় অর্থ উত্তোলন করে বিদেশে পাচার/গোপন করার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় এসব ব্যাংক হিসাব ফ্রিজ করা প্রয়োজন।
এনআর/এসএসএইচ