মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে ফের জামিন চাইলেন আ.লীগ নেতা হুমায়ুন

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফের জামিন চেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ আবেদন করেন তার আইনজীবী।
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথমবারের মতো জামিন পান হুমায়ুন। জটিল রোগে আক্রান্ত হওয়ায় মানবিক বিবেচনায় গত ১১ জানুয়ারি এ আদেশ দেন ট্রাইব্যুনাল-২। তবে স্থানীয় অন্যান্য মামলা থাকায় কারাগার থেকে মুক্তি পাননি তিনি। ফলে তাকে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ফের আইনজীবীর মাধ্যমে জামিন চান তিনি।
এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ক্যান্সার আক্রান্ত বলে একজনের জামিন নিয়েছিলেন আসামিপক্ষের আইনজীবীরা। কিন্তু পরবর্তীতে মনে হয়েছে তারা যেসব নথিপত্র দেখিয়ে জামিন নিয়েছেন, সেসব সন্দেহজনক। এজন্য ট্রাইব্যুনালকে বলেছি তারা যেগুলো দিয়েছে, সেগুলোর যথার্থতা দেখতে হবে। একইসঙ্গে আমরা সময় চেয়েছি। এরপর পরবর্তী শুনানির জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি একই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাযজ্ঞের দায়ে অন্য মামলায় প্রথমে ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার হন তিনি। এরপর মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাকে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
এ মামলায় অপর আসামিরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।
এমআরআর/জেডএস