সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের তিন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের বিজয় নগর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ইসলামুল হক, সাবেক এফভিপি খন্দকার নূরে ইমাম ও সাবেক ট্রেইনি সহকারী অফিসার জান্নাতুল মাওয়া সুইটির বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আব্দুল মালেক অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণামূলকভাবে ক্ষমতার অপব্যবহার করে একে অপরের সহযোগিতায় প্রকৃত ব্যক্তিকে আড়াল করে বেনামে হিসাব পরিচালনায় সহযোগিতা করে ব্যাংক কর্মকর্তা হিসেবে অর্পিত দায়িত্ব পালন না করে, ক্ষমতার অপব্যবহারপূর্বক ব্যাংকের নীতিমালা অনুসরণ না করে অসৎ উদ্দেশ্যে ১৪ জন ব্যক্তির নামে ২৩৪টি এফডিআর হিসাব খোলে এবং তা পরবর্তী সময়ে বন্ধ করে মোট ১৬৫ কোটি ৪৫ লাখ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ।
আবেদনে আরও বলা হয়, অভিযোগটি অনুসন্ধানের নিমিত্তে নিম্নস্বাক্ষরকারী অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।
এনআর/এসএম