জঙ্গি সন্দেহে মালয়েশিয়ায় আটক মাসুদ ২ দিনের রিমান্ডে

সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গি সংশ্লিষ্ট পোস্ট দেওয়ার অভিযোগে মালয়েশিয়ায় আটক মাসুদুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় মালয়েশিয়া পুলিশ তাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দরে আটক করে।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে এপিপি মো. হারুন অর রশীদ রিমান্ডের সপক্ষে শুনানি করেন। তিনি বলেন, আসামি মাসুদুর রহমান মালয়েশিয়ায় বসে জঙ্গি সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট দেওয়ায় সে দেশের পুলিশ তাকে আটক করে বাংলাদেশে পাঠিয়েছে। এর সঙ্গে দেশের ভাবমূর্তি ও মালয়েশিয়ায় কর্মরত বিপুল শ্রমশক্তির স্বার্থ জড়িত। তদন্তের প্রয়োজনে আসামিকে রিমান্ডে নেওয়া জরুরি।
শুনানিতে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আসামি মালয়েশিয়ায় অবস্থানকালে আল-কায়েদা, হামাস ও তালেবানদের বিভিন্ন ভিডিও ফেসবুকে পোস্ট করতেন। এর পেছনে কোনো অর্থদাতা আছে কিনা বা কোনো ডিভাইস ব্যবহার করে এসব করা হতো, তা জানতে রিমান্ড প্রয়োজন।
আদালত আসামির কাছে এসব পোস্টের বিষয়ে জানতে চাইলে মাসুদুর রহমান তা স্বীকার করেন। তিনি বলেন, তিনি মালয়েশিয়ায় একটি কালার প্রিন্ট ব্যান্ড কোম্পানিতে কাজ করতেন এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভালো লাগত বলে এসব পোস্ট দিতেন। আদালত তখন মন্তব্য করেন, এসব পোস্টে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। জবাবে আসামি বলেন, এমন হবে জানলে তিনি পোস্ট করতেন না।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়া থেকে হস্তান্তরের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। তাঁর সঙ্গে দেশি বা আন্তর্জাতিক কোনো জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এনআর/বিআরইউ