লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাছরীন শামসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত করেন।
এর আগে, দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. আব্দুল মালেক তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
ওই আবেদনে বলা হয়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম এবং তার স্ত্রী নাছরীন শামসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগটি অনুসন্ধানের জন্য দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাছরীন শামস দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাছরীন শামসের বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।
এনআর/জেডএস