বাংলাদেশ জন্মের ইতিহাসের সঙ্গে ইনু জড়িত : আইনজীবী সিফাত

হাসানুল হক ইনু একজন বীর মুক্তিযোদ্ধা জানিয়ে তার আইনজীবী সিফাত মাহমুদ বলেছেন, বাংলাদেশ জন্মের ইতিহাসের সঙ্গে হাসানুল হক ইনু জড়িত। এমনকি জাতীয় পতাকার নকশার সঙ্গেও তিনি সম্পৃক্ত। এমন একজন বীর মুক্তিযোদ্ধার বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ইনুর আইনজীবী বলেন, হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপনের একটি সুযোগ দেওয়ার জন্য আমরা আরেকটা দিন চেয়ে আবেদন করেছি। কিন্তু আমাদের অনুরোধ রাখেননি ট্রাইব্যুনাল। তাকে মৌখিক বক্তব্য উপস্থাপনেরও কোনো সুযোগ দেওয়া হয়নি। এতে আমরা সংক্ষুব্ধ হয়েছি। কিন্তু আমরা প্রায় ৬৪ পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা জমা দিয়েছি।
সিফাত বলেন, সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন দেশের মুক্তিযুদ্ধের মৌলিক নীতির বিরুদ্ধে গিয়ে দেশ পরিচালনার চেষ্টা করেছেন তারা। সেই সময় মুক্তিযুদ্ধের নীতির সমর্থনকারী, দেশের সংবিধানের সমর্থন ও সংরক্ষণের জন্য যারা সবসময় জোরালো ভূমিকা বা বক্তব্য দিয়েছেন, তাদের বিরুদ্ধে একের পর এক গায়েবি ও মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করেছেন।
ইনুর বিরুদ্ধে দেওয়া ফরমাল চার্জে ইতিহাস বিকৃত করা হয়েছে দাবি করে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে দাখিলকৃত ফরমাল চার্জে বাংলাদেশের ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫৪ বছরের খণ্ডিত অংশের বিকৃত ইতিহাস বর্ণনা করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছাড়াও বিকৃত ইতিহাস বর্ণনা করেছে। সেই ইতিহাসের বিরুদ্ধে আমরা সাফাই সাক্ষী দিয়েছি।
সিফাত বলেন, আজ ইনুর বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। তার মৌখিক ব্যাখ্যা উপস্থাপনের জন্য আমরা আবেদন করেছিলাম। শারীরিকভাবে তিনি অসুস্থ থাকায় আমরা আরেকটি দিন ধার্য চেয়েছি। তবে লিখিত বক্তব্য জমা দেওয়ার সময় অনুরোধ করেছিলাম যে, অসুস্থতা সত্ত্বেও তাকে কিছুক্ষণের জন্য হলেও যেন মৌখিক বক্তব্য উপস্থাপন করার সুযোগ দেওয়া হয়। কিন্তু আমাদের অধিকারটুকু দেননি ট্রাইব্যুনাল। অথচ এটা আসামির আইনগত অধিকার। ফলে তিনি এ অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।
এমআরআর/এমএন