মনিপুর কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন ও তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১১ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম অভিযোগ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, মো. ফরহাদ হোসেন ও অন্যান্যদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জন সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
এতে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো. ফরহাদ হোসেন ও তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুন দেশ ছেড়ে বিদেশ পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়, যার ফলে সূত্রস্থ অনুসন্ধান কার্য বিঘ্নিত হবে মর্মে প্রতীয়মান হয়। বিধায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান একান্ত প্রয়োজন।
এনআর/এসএম