সোহাগ হত্যার তদন্তে ত্রুটি-বিচ্যুতি, অধিকতর প্রতিবেদন ২৩ এপ্রিল

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এই তারিখ নির্ধারণ করেন।
এদিন, মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলাটির তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য বিচারক প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক অনুপ কুমার দাশ এতথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
জানা গেছে, মামলাটির তদন্তে ত্রুটি-বিচ্যুতি থাকায় গত ২০ জানুয়ারি অধিকতর (পূর্ণাঙ্গ) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে পাকা রাস্তার ওপর একদল লোক ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) এলোপাতাড়িভাবে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ওই ঘটনায় পরের দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে গত ৮ ডিসেম্বর এই মামলায় ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার (বর্তমানে শাহবাগ) অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ আসামিকে অব্যাহতির সুপারিশ করেন তদন্তকারী এ কর্মকর্তা। এদের মধ্যে ১৩ আসামি কারাগারে ও ৮ আসামি পলাতক রয়েছেন।
বিজ্ঞাপন
এনআর/জেডএস