শহীদ মিনারে গুলি করে হত্যা : অস্ত্রসহ গ্রেপ্তার সাগর রিমান্ডে

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজ শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিবকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সালাউদ্দিন ওরফে সাগরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ মার্চ) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জিন্নাত আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মিঠু সরকার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর তার সহযোগী গোলাম রসুল শিহাব, রাফিন শেখ, শাহরিয়ার নাজিম জয় ও সাগর ফকিরসহ অন্যদের সহায়তায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। তবে হত্যার মূল কারণ এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের বিষয়ে তথ্য প্রদানে সে বিরত থাকছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং পলাতক আসামিদের গ্রেফতারের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী সদরের একটি ভাড়া বাসা থেকে পিস্তল ও গুলিসহ সালাউদ্দিন সাগরকে গ্রেপ্তার করে পুলিশ।
বিজ্ঞাপন
এর আগে ১৮ মার্চ এ মামলায় গোলাম রসুল শিহাব এবং সাগর কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া রাফিন শেখ এবং শাহরিয়ার নাজিম জয় নামে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত রোববার রাতে শহীদ মিনারে হত্যা করা হয় ২৫ বছর বয়সী শেখ বোরহানুদ্দীন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম রাকিবকে।
এ ঘটনায় তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তরিকুল ইসলাম খোকন গত সোমবার মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
খোকন মামলায় অভিযোগ করেন, রাকিব মোটরসাইকেলে করে রোববার রাত সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। মোটরসাইকেল পার্কিং করা মাত্রই রাকিবকে গুলি করে আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত অচেনা ব্যক্তি। রাকিব রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে গেলে অচেনা ৫/৬ জন তাকে ছুরি দিয়ে কোপায়। মৃত ভেবে তারা চলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়। সেখানকার চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
এনআর/জেডএস