সুপ্রিম কোর্টের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত অধিকার ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বিজ্ঞাপন
তিনি জানিয়েছেন, আদালত কক্ষে প্রবেশ করে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের বর্তমান সীমাবদ্ধতাগুলো দূর করতে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন।
রোববার (২৯ মার্চ) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, “অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে অর্থবহ করতে আইনজীবীদের পাশাপাশি সাংবাদিকদের বিরাট বড় ভূমিকা আছে। আমি একসময় সাংবাদিকতা করেছি। আমি অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করি। কিন্তু একই সঙ্গে অপতথ্য বা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) তথ্য দিয়ে যেন মানুষ বিভ্রান্ত না হয়, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।”
বিজ্ঞাপন
পেশাগত চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি জানি একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালন করাটা কত বড় চ্যালেঞ্জিং। বর্তমানে বাংলাদেশের পাঠক কিংবা দর্শক– প্রত্যেকের মনোযোগ থাকে আদালতে কী হচ্ছে, তা জানার ওপর। সুতরাং পাঠক ও দর্শকের কাছে আদালতের খবর একটি বিশেষ আগ্রহের জায়গা।”
আদালতে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টের সাংবাদিকেরা ইতিপূর্বে বিভিন্ন আদালত কক্ষে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করার যে সুবিধা পেতেন, তা কিছুটা সংকুচিত হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, “আপনাদের এই উদ্বেগের বিষয়টি আমি প্রধান বিচারপতির কাছে উল্লেখ করব। আমি মনে করি, তিনি অত্যন্ত যৌক্তিকভাবে আপনাদের পেশার ক্ষেত্রে সহযোগিতা করবেন।”
এমএইচডি/বিআরইউ
