২৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় শরীয়তপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
বুধবার (১ এপ্রিল) ঢাকার ১৪তম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এ আদেশ দেন।
এদিন আসামি মোজাম্মেলকে আদালতে হাজির করা হয়। মোজাম্মেলের আইনজীবী মো. লিটন মিয়া বলেন, চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় আজ তাকে আদালতে হাজির করা হয়। মামলার বাদীও আদালতে উপস্থিত ছিলেন। উভয় পক্ষের মধ্যে আপস মীমাংসা হয়ে গেছে। মামলার অভিযোগ গঠনের পরে বাদী তার জবানবন্দি দেন।
জবানবন্দিতে বাদী মোজাম্মেলকে নির্দোষ দাবি করেন। বাদী খলিলুর রহমান আদালতকে বলেন, মোজাম্মেলের হক খালাস পেলে তার কোনো ‘আপত্তি নেই’। এরপর বিচারক এ মামলার রায়ের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেন।
বিজ্ঞাপন
মামলায় অভিযোগে বলা হয়, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে মোজাম্মেল হক খলিলুর রহমানকে আওয়ামী ও ছাত্রলীগের পালিত লোকজনদের দিয়ে ধানমন্ডির অফিসে ডেকে নেন। নির্বাচনী খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা পরিশোধের জন্য খলিলুর রহমানকে তিন দিনের সময় দেন, অন্যথায় তাকে গুম করার হুমকি দেন। পরবর্তী নির্বাচনে নিজ এলাকা শরীয়তপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির কাছে নানা অভিযোগ ও হুমকি দিয়ে তার ব্যবসা বন্ধ করতে বাধ্য করেন বলে অভিযোগ করা হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট খলিলুর রহমান আদালতে মামলা দায়ের করেন।
গত বছরের ৫ অক্টোবর ঢাকার নিকেতন থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
এনআর/জেডএস
