বিজ্ঞাপন

ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’ : গ্রেপ্তারের পরদিন গায়ক জাহিদ অন্তুর জামিন

অ+
অ-
ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’ : গ্রেপ্তারের পরদিন গায়ক জাহিদ অন্তুর জামিন

ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে জাহিদ অন্তুর পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষে অ্যাডভোকেট জসীম উদ্দিন জামিনের বিরোধীতা করেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক তাহমিনা আক্তার জানান, উভয় পক্ষের শুনানি নিয়ে ৫০০ টাকা মুচলেকায় আগামি ধার্য তারিখ ১৯ এপ্রিল পর্যন্ত আসামিকে জামিন দিয়েছে আদালত। 

বিজ্ঞাপন

এদিন মামলার বাদীও আদালতে হাজির হয়ে জামিনের বিরোধীতা করেন বলে জানান তাহমিনা আক্তার।

যৌন নিপীড়নের অভিযোগে ওই ছাত্রী মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন। বুধবার সকালে গুলশান এভিনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। এদিকে জাহিদ অন্তুর পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করে বৃহস্পতিবার শুনানি করবেন বলে আদালতকে জানান। আদালত তাকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির দিন রাখেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পরবর্তীতে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে ওই ছাত্রী মামলায় বলেছেন।

বিজ্ঞাপন

মামলায় বলা হয়েছে, জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা থাকায় ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা হয় এবং বাসায় যেতে বলেন।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি গুলশানের জাহিদের বাসায় যান। সেখানে জাহিদ তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। তিনি বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মুখ, গলা ও মাথায় জখম হয় বলে অভিযোগ করেছেন এই শিক্ষার্থী। পরে তিনি কৌশলে জাহিদের বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এনআর/এমএসএ