সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রধান ও পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তার সহযোগীদের নামে থাকা পাঁচটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টের শেয়ার ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
আদালতের আদেশে ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে আবেদ আলীর নিজের নামে একটি, সহযোগী আবু সোলাইমান মো. সোহেলের নামে দুটি, জাহাঙ্গীর আলমের নামে একটি এবং মো. মাহবুবুর রহমানের নামে একটি বিও অ্যাকাউন্ট রয়েছে।
রোববার (৫ এপ্রিল) মামলার তদন্ত সংস্থা সিআইডি’র আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
সিআইডির আবেদন থেকে জানা যায়, মামলার আসামিরা একটি প্রশ্নফাঁসকারী চক্রের সদস্য। সৈয়দ আবেদ আলী এই চক্রের প্রধান। চক্রটি ২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে আসছে। এর মাধ্যমে তারা অবৈধভাবে বিপুল অর্থ উপার্জন করেছে।
আসামিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যানুযায়ী, প্রশ্নফাঁসের টাকা দিয়ে তারা বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। এই অবৈধ সম্পদ রক্ষা ও তদন্তের স্বার্থে মানি লন্ডারিং আইন ২০১২-এর ১৪ (১) ধারা অনুযায়ী তাদের পাঁচটি বিও অ্যাকাউন্টের শেয়ার ফ্রিজ করা অত্যন্ত জরুরি।
এনআর/জেডএস
