বিজ্ঞাপন

চট্টগ্রামে শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

অ+
অ-
চট্টগ্রামে শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ফসিউর রহমান শাওন নামে এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আককাস এ রায় ঘোষণা করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, আল আমিন গাজী ও মো. সোহেল। তাদের মধ্যে প্রথম তিনজন কারাগারে থাকলেও বাকি দুইজন পলাতক রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকেলে ভুক্তভোগী শাওন নগরের জিইসি মোড়ে ‘সাফ’ নামের কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরের বাদশা মিয়া সড়কে তার গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

আদালতের বেঞ্চ সহকারী মো. রাকিব উদ্দীন জানান, ফসিউর রহমান শাওন হত্যা মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আল আমিন গাজী ও মো. সোহেল পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকি তিনজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এমআর/জেডএস