সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকার অনুমতি পেয়েছেন র্যাবের টিএফআই সেলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল।
বিজ্ঞাপন
রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন এ মামলায় র্যাবের গোয়েন্দা শাখার সাবেক এই পরিচালকের জামিন আবেদন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মশিউর রহমানের স্ত্রী অন্তঃসত্ত্বা বলে জানান তিনি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আগামী ২০ এপ্রিল তার সন্তান জন্মদানের সম্ভাব্য তারিখ। আর সেনানিবাসের সাবজেলে রয়েছেন মশিউর রহমান। এজন্য সন্তান জন্মদানের এই মুহূর্তে স্বামীকে পাশে পাওয়ার প্রত্যাশা করেছেন স্ত্রী। তাই তার জামিন চান।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, তিনি জামিন পাবেন না। তবে দেখা করার সুযোগ পাবেন। অর্থাৎ সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে যেন থাকতে পারেন, সেই নির্দেশনা দেন আদালত।
বিজ্ঞাপন
গুমের এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ১৭ জন। এর মধ্যে মশিউরসহ গ্রেপ্তার হয়েছেন ১০ জন। তারা ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার তথা সাবজেলে রয়েছেন। বাকিরা এখনও পলাতক।
এমআরআর/জেডএস
