জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার কাঙ্ক্ষিত রায়ের প্রত্যাশা রেখে অকাট্য প্রমাণ আছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আমিনুল ইসলাম বলেন, আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ। যার নির্মম হত্যাকাণ্ডের চিত্র গোটা বিশ্ব দেখেছিল। জাতিসংঘের প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে। এ মামলার রায় ঘোষণা হবে আগামী ৯ এপ্রিল।
তিনি বলেন, এ মামলার তদন্তে সন্দেহাতীতভাবে অকাট্য প্রমাণ পেয়েছি আমরা। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে বলে আমাদের বিশ্বাস। কাঙ্ক্ষিত একটি রায় পাবো বলে আমরা আশা করি। কেননা মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি।
বিজ্ঞাপন
এ মামলায় ৩০ আসামি করায় দুর্বল হয়েছে কিনা, এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, এমন কোনো কারণ দেখি না। কারণ আসামি বেশি হলে মামলা দুর্বল হবে, কম হলে শক্ত হবে এরকম কোনো বিষয় নেই। কেননা যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তারা বিচারের সম্মুখীন হবেন।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ মোট আসামি ৩০ জন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন ছয়জন। তারা হলেন- এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
এমআরআর/জেডএস
