চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা সাঈদ আহমেদ চৌধুরীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালত এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের অফিস সহকারী মারুফ হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বেল্লাল হোসেন, ডালিম মল্লিক, কামরুর সিকদার, আল আমিন, পনু ব্যাপারী ও মো. হোসেন। এর মধ্যে রায় ঘোষণার সময় পনু ব্যাপারী ও মো. হোসেন পলাতক ছিলেন। আদালতে উপস্থিত আসামিদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৯ আগস্ট নগরের পাঁচলাইশ এলাকার অংকুর স্কুল মাঠ থেকে সাঈদ আহমেদ চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় গামছা পেঁচানো ছিল। ঘটনার দিন তিনি মীরসরাই উপজেলা থেকে চট্টগ্রাম শহরে আসেন। পথে অটোরিকশাচালক ও তার সহযোগীরা তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে মালামাল ছিনিয়ে নেয়। পরে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে মরদেহ ফেলে যায়।
এ ঘটনায় নিহতের ভাই মঈন উদ্দিন সাঈদ চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।
এমআর/জেডএস
