মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাক্ষী না আসায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বিজ্ঞাপন
বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আরও এক সপ্তাহ সময় চান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন ঠিক করেন আদালত।
বিজ্ঞাপন
প্রসিকিউশন সূত্র জানায়, সালমান-আনিসুলের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণের দিনক্ষণ ঠিক থাকলেও অসুস্থতার কারণে হাজির হতে পারেননি সাক্ষী। এজন্য সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করা হয়।
এদিকে, আজ সকালে এ মামলার দুই আসামিকেই কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তবে সাক্ষ্য না হওয়ায় তাদের পুনরায় কারাগারে নেওয়া হয়।
চলতি বছরের ১২ জানুয়ারি সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। যদিও নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেছেন তারা। গত ২২ ফেব্রুয়ারি শুরু হয় সাক্ষ্যগ্রহণ। তাদের বিরুদ্ধে হত্যা, উসকানি, প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ এনে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। গত বছরের ৪ ডিসেম্বর এসব অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
বিজ্ঞাপন
এমআরআর/এমএসএ
