বিজ্ঞাপন

কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন খুন : ছয় আসামি রিমান্ডে

কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন খুন : ছয় আসামি রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ‘আধিপত্যের বিরোধে’ কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ প্রধান ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার অভিযোগে করা মামলায় ৬ আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ুশ, তুহিন বিশ্বাস, রাব্বি কাজী, সুমন ওরফে পাখির পোলা সুমন, রানা ও রাসেল ওরফে পিচ্চি রাসেল।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান রিমান্ডের তথ্য জানান।

এর আগে, গত মঙ্গলবার আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক সাধন কুমার মন্ডল। ওইদিন আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন। শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।

এদিকে, আসামিদের পক্ষে শফিকুল ইসলাম (শফিক) সহ কয়েকজন রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

মামলায় অভিযোগে বলা হয়েছে, গত ১২ এপ্রিল দুপুর দেড়টার দিকে এলেক্স ইমনকে বাসায় রাখা মাছ নিয়ে আসতে সংবাদ পাঠায় তার শ্বশুর। মাছ আনতে বাইরে যায় সে। বাসা থেকে বের হয়ে আড্ডা দিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে আসামিরা তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। রক্তক্ষরণে জ্ঞান হারায় এলেক্স ইমন। আশপাশের লোকজনের খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় পরদিন তার মা ফেরদৌসী মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এনআর/জেডএস

বিজ্ঞাপন