জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের জন্য এক সপ্তাহ সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১১ মে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধানকে এ প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এ বিষয়ে আজ ট্রাইব্যুনালে দীর্ঘ শুনানি হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। হুমায়ুন কবিরের হয়ে আইনি লড়াই করেন আইনজীবী আবদুল কাইয়ুম।
এ মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগের আনা একটি প্রতিবেদন জমা দেন চিফ প্রসিকিউটর। তিনি ট্রাইব্যুনালকে বলেন, প্রাইমা ফেসিতে আমরা হুমায়ুন কবির পাটোয়ারীর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণাদি পেয়েছি। সেই প্রতিবেদনটি আমরা আজ দাখিল করেছি। তবে স্বাস্থ্য প্রতিবেদন এখনও আসেনি। বিষয়টি আমাদের এখতিয়ারের বাইরে। এজন্য আমরা একটি প্রতিবেদন দিয়েছি।
এ পর্যায়ে আমিনুল ইসলামের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল বলেন, চিকিৎসকরা আমাদের কাছে প্রতিবেদন পাঠাননি কেন। কারণ কী। আর কতদিন লাগবে।
চিফ প্রসিকিউটর বলেন, তারা সরাসরি ট্রাইব্যুনালে পাঠাবেন। তবে দেরি হওয়ার কারণ জানা নেই। তাদের পুনরায় আদেশ দিতে হবে।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, রিমাইন্ডারের সঙ্গে কড়া বার্তাও লিখতে হবে। এরপর হুমায়ুন কবিরের আইনজীবী কাইয়ুমকে শোনেন তারা।
আদালতের আদেশকে প্রশ্ন করার সাহস পাচ্ছেন উল্লেখ করে কাইয়ুম বলেন, প্রায় তিন মাস হয়ে গেল। এরপরও একটি প্রতিবেদন দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তারা আদালতের এ আদেশকে প্রশ্ন করার সাহস পাচ্ছেন। অথচ এ প্রতিবেদন দিতে অল্প সময়ই যথেষ্ট।
উভয়পক্ষের শুনানি শেষে কঠোর পদক্ষেপের বার্তা দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে স্বাস্থ্য প্রতিবেদন দিতে ১১ মে দিন ধার্য করা হয়। এ সময়ের মধ্যে না দিলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, ১৯ এপ্রিল এসব প্রতিবেদন দাখিলের জন্য ১৫ দিন সময় দেন ট্রাইব্যুনাল-২। এছাড়া তদন্ত প্রতিবেদন জমা দিতে দুই মাস বাড়িয়ে আগামী ২১ জুন নির্ধারণ করা হয়।
লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন হুমায়ুন কবির পাটোয়ারী। গত ২ মার্চ তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন ট্রাইব্যুনাল-২। যদিও চলতি বছরের ১১ জানুয়ারি শর্তসাপেক্ষে তাকে জামিন দেন একই আদালত।
এমআরআর/এসএম
