আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়েছে। সাক্ষীর অসুস্থতার কারণে প্রসিকিউশনের আবেদনে তা মুলতবি করেন ট্রাইব্যুনাল।
বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন করে প্রসিকিউশন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে প্রসিকিউটর শাইখ মাহদী জানান, এ মামলার পঞ্চম সাক্ষীর জবানবন্দি হওয়ার কথা ছিল আজ। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। এ অবস্থায় সাক্ষ্যগ্রহণ মুলতবি করে নতুন তারিখ নির্ধারণের আবেদন করা হয়।
এর আগে, ২৩ এপ্রিল চতুর্থ সাক্ষী হাবিবুর রহমান মল্লিকের জেরা সম্পন্ন হয়। ২২ এপ্রিল তার জবানবন্দি রেকর্ড করা হয়।
এদিকে, আজ সকালে কারাগার থেকে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ না হওয়ায় পরে তাকে আবার কারাগারে নেওয়া হয়।
এমআরআর/জেডএস
