বিজ্ঞাপন

শামস এসকান্দার

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

রাজধানীর মতিঝিলে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের সময় ইসলামিক টিভির কাছে থাকা সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামস এসকান্দার।

সোমবার (১৮ মে) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এদিন দুপুরে চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করে ইসলামিক টিভির একটি প্রতিনিধি দল।

শামস এসকান্দার বলেন, শাপলা চত্বরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলছে। এরই ধারাবাহিকতায় সেদিনের ঘটনা জানতে আমাদের ডেকেছেন চিফ প্রসিকিউটর। ওই দিন যেহেতু আমাদের ক্যামেরাম্যান, নিউজের টিম উপস্থিত ছিলেন। এছাড়া ওই রাতেই র‍্যাবসহ তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন লোক এসে আমাদের অফিস ভেঙে ফেলেন। আমাদের সম্প্রচার সরঞ্জাম, কম্পিউটারস, এডিটিং প্যানেলসহ পুরো অফিস তছনছ করে বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, এসব কিছুই আমরা আজ চিফ প্রসিকিউটরকে বলেছি। আমাদের কাছে যেসব আলামত রয়েছে সেসব সংরক্ষণ করে রাখতে বলেছিলেন তিনি। প্রসিকিউশন থেকে এসব সংগ্রহ করে নেবেন বলা হয়েছে। আর এসব দিয়ে আমরা তদন্তে সহযোগিতা করবো। অর্থাৎ আমাদের কাছে থাকা যাবতীয় ভিডিও আলামত তদন্ত সংস্থাকে দেবো।

এ মামলায় সাক্ষী করা হবে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসলামিক টিভির এমডি বলেন, এ ব্যাপারে প্রসিকিউশন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তবে পারিবারিক কারণেই ইসলামিক টিভি বন্ধ করা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এটা করেছিল আওয়ামী লীগ সরকার। এছাড়া আর কোনো কারণ দেখি না।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজানুল ইসলাম, প্রধান বার্তা সম্পাদক রফিক উজ জামানসহ অন্যরা।

এমআরআর/জেডএস