মেহেরপুরে শিবির নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় বাড়ানো হয়েছে। আগামী ৯ আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়ায় প্রসিকিউশনের পক্ষ থেকে আরও দুই মাস সময়ের আবেদন করা হয়। পরে নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।
সকালে কারাগার থেকে গ্রেপ্তার থাকা সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) একেএম নাহিদুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে, গত বছরের ২৪ আগস্ট সাইফুল হত্যা মামলায় ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছিল।
তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম মেহেরপুর জেলা শিবিরের সাবেক সভাপতি ছিলেন। ২০১৪ সালের ১৯ জানুয়ারি বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি বিচারাধীন রয়েছে।
এমআরআর/জেডএস
