চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) যুক্তিতর্ক পিছিয়ে আগামী ৭ জুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
আজ (বুধবার) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এ তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
প্রসিকিউশন জানায়, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ মোট আসামি চারজন। তাদের বিরুদ্ধে আজ তৃতীয় দিনের মতো প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন করার কথা ছিল। তারিখ নির্ধারিত থাকলেও যুক্তিতর্ক মুলতবি রাখার জন্য সময় চাওয়া হয়। পরে আদালত নতুন দিন ধার্য করেন।
এর আগে, ১২ মে প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। মাহবুবউল আলম হানিফের সরাসরি নির্দেশে কুষ্টিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যাযজ্ঞ চালিয়েছে বলে তিনি যুক্তি তুলে ধরেন। তার কথা মতোই অন্য আসামিরা জুলাই-আগস্ট আন্দোলন দমনে নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয়। এ মামলায় যুক্তিতর্ক শুরু হয় ১১ মে। গত ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তার জেরার মধ্য দিয়ে মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ধাপ সম্পন্ন হয়।
হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন– কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তবে চারজনই পলাতক রয়েছেন।
গত বছরের ২ নভেম্বর এ চার আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল-২। ৬ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। ৫ অক্টোবর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এ মামলায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়।
এমআরআর/আরএফ/এনএফ
