জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে তাদের জামিন বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৭ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
গত ১১ মে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দেন হাইকোর্ট। ফারজানা রুপাকে ৬ মামলায় ও শাকিল আহমেদকে ৫ মামলায় জামিন দেন আদালত। এছাড়া তাদের দুইজনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেন আদালত।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
গত ২১ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলাসহ ৭ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়।
২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়। ৪ দিন পর ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় আরও ৫ দিনের রিমান্ডে পাঠানো হয় তাদের।
ওই রিমান্ড শেষে একই বছরের ৩১ আগস্ট রুবেল হত্যা মামলায় এই সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠান আদালত। এরপর জুলাই অভ্যুত্থান সম্পর্কিত আরও বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এমএইচডি/এমএসএ
