রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
রোববার (৭ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন শুনানিতে দীপু মনি, রুপা ও মোজাম্মেল বাবুকে পৃথকভাবে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করে প্রসিকিউশন। এছাড়া মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও দুই মাস সময় চাওয়া হয়। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।
এদিকে, আজ সকালে কারাগার থেকে এ মামলায় গ্রেপ্তার মোট ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যরা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ দেশের চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও তদন্তের স্বার্থে আরও সময় নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
এমআরআর/জেডএস
