বিজ্ঞাপন

আইনজীবী টিটোর মৃত্যু : শ্রদ্ধা জানিয়ে বিচারকার্য থেকে বিরত ট্রাইব্যুনাল

আইনজীবী টিটোর মৃত্যু : শ্রদ্ধা জানিয়ে বিচারকার্য থেকে বিরত ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুতে একদিনের জন্য বিচারকার্য মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা আইনজীবী সমিতির একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন আমিনুল গণি টিটো। তিনি ট্রায়াল আইনজীবী হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। ট্রাইব্যুনালেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় তিনি আসামিপক্ষে লড়েছেন। কিন্তু রোববার রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

চিফ প্রসিকিউটর আরও বলেন, আমিনুল গণির মৃত্যুতে আমরা খুবই ব্যথিত। আমরা তার জানাজায় অংশ নিয়েছি। একইসঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের জন্য ট্রাইব্যুনালের বিচারকার্য মুলতবি রাখার জন্য বলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের কার্যক্রম থেকে বিরত রয়েছি। আগামীকাল (মঙ্গলবার) থেকে যথারীতি কাজ চলবে।

এর আগে, রোববার (৭ জুন) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমিনুল গণি। তিনি ফৌজদারি আইনের ওপর দক্ষ ছিলেন।

এমআরআর/এসএম