চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ জুন) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমা এ আদেশ দেন। একই সঙ্গে আগামীকাল ১০ জুন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, বিচারকার্য শুরুর সময় আসামি মনির হোসেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তিনি নিজের পক্ষে আইনজীবী নিয়োগের জন্য সময় চাইলে আদালত পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেন। এর আগে রাষ্ট্রপক্ষ থেকে তার জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছিল।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, গত ৪ জুন পুলিশ অভিযোগপত্র দাখিল করে। পরে তা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। অভিযোগপত্র নেওয়ার পর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ পরীক্ষার ফল, সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলায় ১৩ জনকে সাক্ষী করা হয়েছে।
মামলার একমাত্র আসামি মনির হোসেন (৩০) কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়ার মিয়াখাননগর এলাকায় বসবাস করছিলেন।
মামলার তদন্তে জানা যায়, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদামকক্ষে চার বছরের শিশুটিকে ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পরের দিন অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ভুক্তভোগী শিশুর জবানবন্দিও আইন অনুযায়ী রেকর্ড করা হয়।
তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
আরএমএন/এসএএস
