বিজ্ঞাপন

ছাত্রশিবির নেতাকে গুম

সোহায়েলের তদন্ত প্রতিবেদন দাখিলে আরও তিন মাস সময়

সোহায়েলের তদন্ত প্রতিবেদন দাখিলে আরও তিন মাস সময়

আওয়ামী লীগের শাসনামলে ছাত্রশিবিরের এক নেতাকে গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও তিন মাস সময় দেওয়া হয়েছে। প্রতিবেদন জমার জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। 

এদিন শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন মাস সময় চান। পরে আবেদনটি মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন আদালত। 

এ মামলায় মোহাম্মদ সোহায়েলকে একমাত্র আসামি করা হয়েছে। গুমের ঘটনার সময় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখায় পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১২ সালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তৎকালীন নেতা গোলাম মোর্তোজাকে তুলে নিয়ে যান র্যাব সদস্যরা। পরে তাকে ৪৭ দিন পর্যন্ত আয়নাঘরে বন্দি রাখা হয়। সোহায়েলের নির্দেশে তাকে গুম করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
 
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। 

এমআরআর/জেডএস