সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (১৬ জুন) রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
দীপু মনির আইনজীবী রমজান আলী শিকদার বলেন, এখন পর্যন্ত দীপু মনির বিরুদ্ধে ৩৮ টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাকী মামলার মধ্যে ২টিতে হাইকোর্ট বিভাগ রুল দিয়ে জামিন দিয়েছেন। এছাড়া ১৩ টিতে জামিন প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট।
ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ।
তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ প্রায় ৩৮টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে।
এমএইচডি/বিআরইউ
