বিজ্ঞাপন

হত্যাচেষ্টা মামলায় কামাল মজুমদারের ছেলেসহ তিনজন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় কামাল মজুমদারের ছেলেসহ তিনজন গ্রেপ্তার

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক মাদ্রাসা শিক্ষার্থী নাজিম উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর গুলশান থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অর্থ যোগানদাতা শাহেদ আহমেদ মজুমদারসহ তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানো অপর আসামিরা হলেন আওয়ামী লীগের সক্রিয় নেতা ও অর্থ যোগানদাতা সেলিম প্রধান এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সেক্রেটারি আবু সাঈদ।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ আসামিদের আদালতে হাজির করে, এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিরা আওয়ামী লীগের সক্রিয় নেতা ও অর্থ যোগানদাতা। আসামিরা অত্যন্ত সু-কৌশলে নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে নিবৃত করার চেষ্টা করে এবং মামলার ঘটনায় অর্থ যোগানের মাধ্যমে এই মামলার ঘটনা ঘটায়। মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে সন্দেহভাজন আসামি হিসাবে তাদের গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার দক্ষিণে বাঁশতলা এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় আসামিরা ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলিবর্ষণ করে। এতে মাথায় গুলিবিদ্ধ হন মাদ্রাসা ছাত্র নাজিম উদ্দিন। পরবর্তীতে সিটিস্ক্যান করলে তার মাথায় ১৮০ টি ছোররা গুলি দেখতে পান কর্তব্যরত চিকিৎসক। যার মধ্যে ১২৭টি গুলি বের করা হয়। ওই ঘটনায় ভিকটিমের খালা গুলশান থানয় বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।

এনআর/জেআই/জেডএস 

বিজ্ঞাপন